পারস্য উপসাগরে মার্কিন রণতরী আঞ্চলিক নিরাপত্তাহীনতার কারণ

১৩ জুলাই (রেডিও তেহরান): পারস্য উপসাগরে মার্কিন রণতরী উপস্থিতির সমালোচনা করে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এ সব যুদ্ধজাহাজ এ অঞ্চলের নিরাপত্তাহীনতার প্রধান কারণ। ইরানের সেনাবাহিনীর এক অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মার্কিন এ সব যুদ্ধজাহাজ এ অঞ্চলে অস্থিরতা তৈরি ছাড়া কোন কিছু করতে পারবে না। ইরান এ সব যুদ্ধজাহাজের গতিবিধির প্রতি বিশেষ নজর রাখছে বলেও উল্লেখ করেন জেনারেল ওয়াহিদি। তিনি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোর মধ্যে অস্থিরতা বাড়ানোর পরিকল্পনা থেকে মার্কিন সরকার এ সব যুদ্ধজাহাজ মোতোয়েন করেছে। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমেই কেবল এ অস্থিরতা ও নিরাপত্তাহীনতা দূর করা সম্ভব। গত মাসে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছিল বারোটিরও বেশি মার্কিন ও ইসরাইলি যুদ্ধজাহাজ সুয়েজ খাল পার হয়েছে এবং সেগুলো পারস্য উপসাগরের দিকে যাচ্ছে। এর বিরুদ্ধে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তার সীমানায় কোন আগ্রাসী তৎপরতা চালানো হলে কড়া জবাব দেয়া হবে।
সর্বশেষ আপডেট (বৃহস্পতিবার, 15 জুলাই 2010 14:02)


